দুর্নীতির বরপুত্রের নীতি-আলোচনা জনমনে ফের উপহাসের ঝড়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য—“একমাত্র বিএনপির পক্ষেই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব”—সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

Dec 8, 2025 - 12:45
 0  3
দুর্নীতির বরপুত্রের নীতি-আলোচনা জনমনে ফের উপহাসের ঝড়
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য—“একমাত্র বিএনপির পক্ষেই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব”—সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। দেশের শীর্ষ গণমাধ্যম দৈনিক ইত্তেফাক-এর ফেসবুক পেজে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, তারেক রহমানের এই দাবি জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা তো পায়ইনি, বরং এটি পরিণত হয়েছে এক বিরাট হাস্যরসের বিষয়ে।

ফেসবুক পোস্টটিতে মোট ১ লাখ ৩২ হাজার মানুষের প্রতিক্রিয়া বিশ্লেষণে উঠে এসেছে স্পষ্ট জনমত—তারেক রহমানের দুর্নীতি বিরোধী বক্তব্যকে জনগণ হাস্যকর এবং অবাস্তব বলে মনে করছে।

জরিপের তথ্য অনুযায়ী, ‘হা-হা’ রিঅ্যাকশন দিয়েছেন ১ লাখ ১০ হাজার মানুষ, যা মোট প্রতিক্রিয়ার ৮৩.৩৩ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে ৮৩ জনই সরাসরি উপহাস করেছেন তার বক্তব্যকে। নিছক নিরপেক্ষ প্রতিক্রিয়া (Like) দিয়েছেন প্রায় ১৮ হাজার মানুষ—মোটের ১৩.৬৩ শতাংশ। আর সমর্থনসূচক রিঅ্যাকশন (Love ও অন্যান্য) মাত্র ১.৮৯ শতাংশ, অর্থাৎ প্রায় ২,৫০০ জন।

তুলনামূলকভাবে দেখা যায়, সমর্থনকারী প্রতি ১ জনের বিপরীতে ৪৪ জন মানুষ তারেক রহমানের বক্তব্যকে ব্যঙ্গ করেছেন। এটি জনগণের আস্থা কোথায় গিয়ে ঠেকেছে, তা স্পষ্টভাবেই নির্দেশ করে। মন্তব্য বিভাগও ছিল একই সুরে সরব—আদিনাথ সিদ্ধার্থ নামের এক অংশগ্রহণকারী লিখেছেন, “দুর্নীতির বরপুত্র আপনি। আপনাদের আমলে বাংলাদেশ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলো দুর্নীতিতে।”

জনরায়ের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে বিএনপি–জামায়াত জোট সরকারের শাসনামলের অন্ধকার অধ্যায়। ২০০১–২০০৬ সময়ে বাংলাদেশ টিআই সূচকে টানা পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। একই সময়ে ‘হাওয়া ভবন’ কেন্দ্রিক কমিশন বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং সিঙ্গাপুরে অর্থপাচারের ঘটনার মতো অভিযোগ আজও জনসাধারণের মনে দগদগে। এসব কারণেই তারেক রহমানের ‘দুর্নীতিবিরোধী’ অবস্থানকে আজ তীব্র অবিশ্বাসের চোখেই দেখছেন নাগরিকরা।

এই জরিপের ফলাফল কার্যত সোশ্যাল মিডিয়ার একপ্রকার অনাস্থা ভোট—যা প্রমাণ করে, দুর্নীতির বিরুদ্ধে তারেক রহমানের বক্তব্য জনগণের সমর্থন তো পায়ইনি, বরং ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয়েছে।

এমবি এইচআর