জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান
বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জীবনের বাকি সময় উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেন। পরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন আক্তারুজ্জামান। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে পরাজিত হন।
এছাড়া বিএনপির মনোনয়নে তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
এমবি এইচআর

