জনগণের সমর্থন পেলে যে কোনো মার্কায় নির্বাচন করতে প্রস্তুত রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, “আমি যা বলি, আমি তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।”

Dec 20, 2025 - 19:16
 0  3
জনগণের সমর্থন পেলে যে কোনো মার্কায় নির্বাচন করতে প্রস্তুত রুমিন ফারহানা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, “আমি যা বলি, আমি তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।”

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রায় প্রতি সপ্তাহে এলাকায় আসেন উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরাইল ও আশুগঞ্জ নিয়ে তাঁর অনেক স্বপ্ন রয়েছে। এই দুটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। “আপনাদের ভোটে সংসদে যেতে পারলে এই স্বপ্ন বাস্তবায়নে কাজ করব,”—বলেন তিনি।

সভায় তিনি আরও বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ-উৎসব চলছে, তখন সরাইল-আশুগঞ্জের মানুষ এখনো জানে না তাদের এমপি প্রার্থী কে। এটি এই এলাকার মানুষের জন্য দুঃখজনক। নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৭ বছরে আমার ভূমিকা কী ছিল, তা আমি বলব না—মানুষ জানেন। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে এসেছি। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি।”

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের মানুষ প্রকৃত ভোট দেওয়ার সুযোগ পায়নি। সরকার এখন ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন দেওয়ার দাবি করছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা এই কথায় বিশ্বাস রাখতে চাই।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভোটার, প্রার্থী ও দলীয় কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে গত কয়েক মাস ধরে রুমিন ফারহানা নিয়মিতভাবে এই আসনে গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এমবি এইচআর