জোটের স্বার্থে নুরু ও রাশেদকে দুটি আসন ছাড়ল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনাদলগুলোর জন্য আরও সাতটি আসন ছেড়ে দিয়েছে।

Dec 24, 2025 - 14:57
 0  2
জোটের স্বার্থে নুরু ও রাশেদকে দুটি আসন ছাড়ল বিএনপি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনাদলগুলোর জন্য আরও সাতটি আসন ছেড়ে দিয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, এর মধ্যে গণ অধিকার পরিষদের জন্য দুটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে দলটির সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ (হরিণাকুণ্ডু-ঝিনাইদহ সদর) আসনে সাধারণ সম্পাদক মো. রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এবং একই সঙ্গে বিএনপিতে যোগদান করবেন বলে জানানো হয়। ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচন করবেন।

অন্যদিকে, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ নির্বাচনে অংশ নেবেন।

বিএনপি মহাসচিব আরও জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেবে না এবং জোটের প্রার্থীদের প্রতি দলীয়ভাবে সমর্থন থাকবে। পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

এমবি এইচআর