গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

Dec 27, 2025 - 14:34
 0  3
গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তিনি দলীয় নেতাকর্মীদের রাশেদ খানকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

এদিকে, রাশেদ খানকে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপিতে যোগদানের অনুমোদন দিয়েছে গণ অধিকার পরিষদ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে তিনি ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘ফ্যাসিবাদের পতনের জন্য বিগত সরকারের বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ পতন-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কারে কাজ করব। সেই লক্ষ্যেই আমরা যারা একসঙ্গে আন্দোলন করেছি, তারা একসঙ্গে নির্বাচন ও ভবিষ্যতে একসঙ্গে জাতীয় সরকার গঠন করব।’

তিনি আরও বলেন, আন্দোলন বিএনপির নেতৃত্বে ও তাদের সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে হওয়ায় ভবিষ্যতেও যুগপৎ আন্দোলনের শরিকরা একসঙ্গে থাকতে চায়। বর্তমান আরপিও অনুযায়ী জোটবদ্ধ হলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হয়। তবে বাস্তবতায় সব এলাকায় সব প্রতীকে জয় সম্ভব নয়। সে কারণে কৌশলের অংশ হিসেবে যুগপৎ আন্দোলনের কয়েকজন শরিক বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

নুরুল হক নুর জানান, সেই কৌশলের অংশ হিসেবেই ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান। এজন্য তাকে বিএনপিতে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন এবং শিগগিরই দলটিতে একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে।

এমবি এইচআর