জামায়াতের সঙ্গে জোটে এনসিপি, কোন নেতারা পাচ্ছেন আসন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সমঝোতা ঘিরে দলটির ভেতরে তীব্র অস্থিরতা ও মতভেদ দেখা দিয়েছে।

Dec 28, 2025 - 16:57
 0  2
জামায়াতের সঙ্গে জোটে এনসিপি, কোন নেতারা পাচ্ছেন আসন
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সমঝোতা ঘিরে দলটির ভেতরে তীব্র অস্থিরতা ও মতভেদ দেখা দিয়েছে। যদিও এনসিপির অধিকাংশ কেন্দ্রীয় নেতা জামায়াতের সঙ্গে জোটের পক্ষে মত দিয়েছেন, তবে আপত্তি জানিয়ে আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন অন্তত ৩০ জন নেতা। এরই মধ্যে তিনজন নেতা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে রোববার (২৮ ডিসেম্বর) জামায়াত ও এনসিপির পক্ষ থেকে জোট সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। উভয় দলের একাধিক সূত্র জানিয়েছে, জোট নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জোট হলে কীভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে, কোন আসনে কোন দল প্রার্থী দেবে এবং দুই দলের প্রার্থীর সংখ্যা কত হবে—এসব বিষয়েও আজই বিস্তারিত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, আসন সমঝোতার অংশ হিসেবে জামায়াতে ইসলামি এনসিপির জন্য অন্তত ২০টি আসন ছেড়ে দিতে পারে। এসব আসনে এনসিপির শীর্ষ ও জনপ্রিয় নেতাদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হচ্ছে।

যেসব নেতার মনোনয়ন প্রায় নিশ্চিত বলে জানা গেছে, তাদের মধ্যে রয়েছেন—
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম,
সদস্যসচিব আখতার হোসেন,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব,
যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার,
যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ,
দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ,
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,
এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
এ ছাড়া আরও কয়েকজন পরিচিত ও জনপ্রিয় নেতার নামও আলোচনায় রয়েছে।

জামায়াতের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এনসিপির শীর্ষ পাঁচজন নেতার আসন নিশ্চিত করার বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি প্রায় ১৫ জন প্রার্থীর বিষয়ে যাচাই-বাছাই ও পর্যালোচনা চলছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হবে।

এদিকে জোট প্রসঙ্গে দলের অবস্থান ব্যাখ্যা করে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় সদস্যসচিব আখতার হোসেন বলেন, ঐকমত্য কমিশনে সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে একাধিক দলের মতভিন্নতা ছিল। সেখানে সংস্কারের বিভিন্ন বিষয়ে স্বাভাবিকভাবেই এনসিপি, জামায়াত এবং অন্যান্য কয়েকটি দল একমত হয়েছে। তিনি বলেন, দেশ সংস্কার ও নতুন রাষ্ট্রকাঠামো গঠনের রাজনীতির প্রতি যে কমিটমেন্ট রয়েছে, সেটিই জোট বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, সংস্কারপন্থী এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা রয়েছে, তাদের সঙ্গেই বোঝাপড়া করার চেষ্টা চলছে। সেটিকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, তাদের শরিক আট দলের বাইরেও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় এনসিপির সঙ্গেও আলাপ হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে বিস্তারিত জানানো হবে।

এমবি এইচআর