শেষ সময়ে সংসদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা রাশেদ প্রধানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।

Jan 15, 2026 - 17:25
 0  2
শেষ সময়ে সংসদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা রাশেদ প্রধানের
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলেও ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ প্রধান এ তথ্য জানান। পোস্টে তিনি লিখেছেন, “আজ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার রাত ৮টায় আমাদের ঐক্যের আসন সমঝোতা ও অন্যান্য বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পরিস্থিতি যা-ই হোক, আমরা সবাই রাজপথের সাথি ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ ও সমর্থকদের বিনয়ের সঙ্গে অনুরোধ করছি—আপনারা একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন।”

আরেক অংশে তিনি বলেন, “ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি এবারের নির্বাচনে অংশগ্রহণ করব না। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাকে যারা ভালোবাসেন, তারা দয়া করে মন খারাপ করবেন না। ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে আমাদের সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

এর আগে জাগপার পক্ষ থেকে রাশেদ প্রধান পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এবং পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে হলফনামা সংক্রান্ত জটিলতায় নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করে। পরে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পান।

বর্তমানে পঞ্চগড়-১ আসনে ১১ দলের পক্ষে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এই আসনে জামায়াতের প্রার্থী ও জেলা আমির ইকবাল হোসাইন ইতোমধ্যে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অন্যদিকে পঞ্চগড়-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সফিউল্লাহ সুফি।

এমবি এইচআর