মান্নাকে সিসিইউতে স্থানান্তর, শারীরিক অবস্থা স্থিতিশীল

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলটির নেতারা।

Jan 17, 2026 - 11:33
 0  3
মান্নাকে সিসিইউতে স্থানান্তর, শারীরিক অবস্থা স্থিতিশীল
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলটির নেতারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন। তিনি জানান, মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।

তানভীর ইসলাম বলেন, বর্তমানে তার কোনো ব্যথা নেই এবং সামগ্রিকভাবে ভাইটাল সাইন প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। শনিবার আরও কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, মাহমুদুর রহমান মান্না সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে শুক্রবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এ তথ্য জানিয়ে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার জানান, মান্না তখন হাসপাতালের জরুরি বিভাগে ছিলেন এবং চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হয়।

এমবি এইচআর