১৫৬ কোটি টাকায় পিকে–শাকিরার পুরোনো প্রাসাদ কিনছেন ইয়ামাল
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের অসাধারণ প্রতিভার ছাপ রেখে দিয়েছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। মাঠে তার জাদুকরী পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনায় এসেছেন মাঠের বাইরের বিলাসবহুল জীবনের কারণে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের অসাধারণ প্রতিভার ছাপ রেখে দিয়েছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। মাঠে তার জাদুকরী পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনায় এসেছেন মাঠের বাইরের বিলাসবহুল জীবনের কারণে।
স্প্যানিশ দৈনিক এল পাইস জানিয়েছে, ইয়ামাল শিগগিরই বার্সেলোনা শহরে ১ কোটি ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৬ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যে একটি প্রাসাদসম বাড়ি কিনতে যাচ্ছেন। বিশেষত্ব হলো—এই বাড়িটিই একসময় ছিলেন বার্সার কিংবদন্তি জেরার্দ পিকে ও তার সাবেক প্রেমিকা, বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা।
২০১০ সালে তাদের সম্পর্কের শুরু থেকে ২০২২ সালে বিচ্ছেদ পর্যন্ত এই বাড়িতেই বসবাস করেছেন পিকে ও শাকিরা। ৩৮০০ বর্গমিটার জায়গাজুড়ে গড়ে ওঠা বাড়িটিতে রয়েছে তিনটি ভবন—একটি মূল বাড়ি এবং দুটি আলাদা অতিথিশালা। পাশাপাশি ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, একাধিক আঙিনা ও একটি রেকর্ডিং স্টুডিওও রয়েছে সেখানে।
প্রথমে তিনটি ভবন মিলিয়ে সম্পত্তিটির দাম নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি টাকা)। পরে একটি ভবন বিক্রি হয়ে যাওয়ায় বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ইউরো।
ইয়ামাল নাকি ইতোমধ্যেই সম্পত্তি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এল পাইস জানায়, তিনি নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী বাড়িটিতে কিছু সংস্কারকাজ করার পরিকল্পনাও করেছেন।
ফুটবল প্রতিভা ইয়ামালকে এত অল্প বয়সেই এনে দিয়েছে বিপুল সম্পদ। কয়েক মাস আগেই বার্সেলোনার সঙ্গে তার ছয় বছরের নতুন চুক্তি হয়েছে, যার বার্ষিক বেতন প্রায় ৩ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৪২৭ কোটি টাকার বেশি)। পুরো চুক্তি শেষে তার আয় হতে পারে প্রায় ১৮ কোটি ইউরো (২৫৬৩ কোটি টাকারও বেশি)।
এ ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে স্পনসরশিপ চুক্তি থেকে তিনি আরও বিপুল অঙ্কের অর্থ উপার্জন করছেন। ফোর্বস জানিয়েছে, সব মিলিয়ে ইয়ামালের বার্ষিক আয় প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো (প্রায় ৫২৭ কোটি টাকা), যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তরুণ ফুটবলারদের কাতারে স্থান দিয়েছে—লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামদের পাশে।
এমবি এইচআর

