‘স্কাই স্টেডিয়াম’-এর সঙ্গে সৌদি সরকারের কোনো সম্পর্ক নেই; ভাইরাল ভিডিওটি এআই নির্মিত

Nov 1, 2025 - 15:29
 0  2
‘স্কাই স্টেডিয়াম’-এর সঙ্গে সৌদি সরকারের কোনো সম্পর্ক নেই; ভাইরাল ভিডিওটি এআই নির্মিত

মেঘনাবার্তা প্রতিনিধি: সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আকাশছোঁয়া “স্কাই স্টেডিয়াম” নির্মাণ হচ্ছে—এমন দাবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। মরুভূমির মাঝখানে ভাসমান বিশাল এক স্টেডিয়ামের ভিডিও ঘিরে সৃষ্টি হয় বিভ্রান্তি। কয়েক কোটি ভিউ পাওয়া সেই ভিডিওটিকে ঘিরে অনেকেই ধরে নেন এটি সৌদি আরবের ভবিষ্যৎ প্রকল্প ‘দ্য লাইন’-এর অংশ।

তবে পরে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটি সম্পূর্ণ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিতে তৈরি এবং এর সঙ্গে সৌদি সরকারের কোনো সম্পর্ক নেই।

সৌদি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, “ভিডিওটি ভুয়া। সৌদি আরবের কোনো সরকারি পরিকল্পনা বা নথির সঙ্গে এর মিল নেই।”

সংবাদ সংস্থা এএফপির ডিজিটাল যাচাই টিম অনুসন্ধান করে ভিডিওটির উৎস খুঁজে পায় ইনস্টাগ্রামের ‘hyporaultraworks’ নামের একটি অ্যাকাউন্টে। ভিডিওটি তৈরি করেছেন এআই-নির্ভর স্থাপত্য-নকশা নির্মাতা এক শিল্পী, যিনি পরবর্তীতে স্বীকার করেন—এটি ছিল একটি পরীক্ষামূলক এআই কনসেপ্ট, যা অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়ে গেছে।

তার ভাষায়, “এটি পুরোপুরি কল্পনাপ্রসূত একটি প্রজেক্ট—স্কাইস্ক্র্যাপারের ওপর ফুটবল স্টেডিয়াম কেমন হতে পারে, সেই ভাবনাটিই শুধু প্রকাশ করেছি। বাস্তবে এর কোনো ভিত্তি নেই।”

এমবি/এসআর