গোল্ডেন বুটের পরদিনই এমবাপের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

Nov 2, 2025 - 10:44
 0  2
গোল্ডেন বুটের পরদিনই এমবাপের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

মেঘনাবার্তা প্রতিনিধি: একদিন আগেই ক্যারিয়ারে প্রথম ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়েছিলেন কিলিয়ান এমবাপে। পরদিনই যেন সেই সোনালী ট্রফির উচ্ছ্বাস নিয়ে মাঠে নামলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। তার জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে পুরো ম্যাচজুড়ে রিয়ালের একচেটিয়া আধিপত্য দেখা গেছে। ৬৬ শতাংশ বল দখল রেখে ১৯টি শট নেয় স্বাগতিকরা, যার অর্ধেকই লক্ষ্যে। অন্যদিকে ভ্যালেন্সিয়া ছিল পুরোপুরি ছন্নছাড়া, মাত্র তিনটি শটেই সীমাবদ্ধ।

ম্যাচের ১৯ মিনিটেই রিয়াল পায় লিড। প্রতিপক্ষের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এমবাপে—এটাই তার টানা অষ্টম লিগ ম্যাচে গোল। ৩১ মিনিটে আর্দা গুলারের ক্রসে দুর্দান্ত ভলিতে করেন দ্বিতীয় গোল। ১১ ম্যাচে এটি তার ১৩তম গোল, যা তাকে রাখছে লা লিগার সর্বোচ্চ গোলদাতার আসনে।

বিরতির আগে ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান জুড বেলিংহ্যাম। ফেদরিকো ভালভার্দের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে চমৎকার শটে জালে পাঠান বল। টানা তৃতীয় ম্যাচে গোল করে আবারও আলোচনায় ফিরলেন ইংলিশ মিডফিল্ডারটি। এর কিছুক্ষণ আগে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস করায় ব্যবধান বাড়ার সুযোগ হাতছাড়া হয়।

শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামানো তরুণ এন্ড্রিকের পর খেলার ছন্দে পরিবর্তন আসে। ৮২ মিনিটে রদ্রিগোর শট ফিরলেও পরক্ষণেই আলভারো কারেরাস জালে জড়ান রিবাউন্ড বল, নিশ্চিত হয় ৪-০ গোলের বড় জয়।

এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে ২৩ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল, আর একটি ম্যাচ কম খেলে ২২ পয়েন্টে তৃতীয় অবস্থানে বার্সেলোনা।

এমবি/এসআর