চ্যাম্পিয়নস লিগে ফোডেনের জাদু, ডর্টমুন্ডকে উড়িয়ে দিল ম্যানসিটি

Nov 6, 2025 - 11:05
 0  2
চ্যাম্পিয়নস লিগে ফোডেনের জাদু, ডর্টমুন্ডকে উড়িয়ে দিল ম্যানসিটি

মেঘনাবার্তা প্রতিনিধি:
ফিল ফোডেনের দুর্দান্ত জোড়া গোল আর আর্লিং হালান্ডের সুনিপুণ ফিনিশিংয়ে ভর করে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগে এই জয়ে দারুণ ছন্দে ফিরল ইংলিশ জায়ান্টরা। একই সঙ্গে থেমে গেল জার্মান ক্লাবটির অপরাজিত থাকার ধারা।

ইতিহাদে শুরু থেকেই দাপট দেখায় সিটি। ম্যাচের ২২ মিনিটে তিজিয়ানি রেইন্ডার্সের থ্রু-পাস থেকে বল পেয়ে ডর্টমুন্ড রক্ষণ ভেদ করে দারুণ কার্লিং শটে দলকে এগিয়ে নেন ফোডেন।

মাত্র সাত মিনিট পরই সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন হালান্ড। জেরেমি ডকুর নিখুঁত কাটব্যাক থেকে এক টাচেই জালে বল জড়ান নরওয়েজিয়ান তারকা।

বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি সিটি। তবে দ্বিতীয়ার্ধে আবারও আলো ছড়ান ফোডেন। ৫৭ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচের কোণে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার।

৭২ মিনিটে নিচু শটে ব্যবধান কমান ডর্টমুন্ডের অ্যান্টন। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে রায়ান চেরকির ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান আবার তিন গোলের করে সিটি।

এই ম্যাচে দুটি রেকর্ড গড়েছেন ফোডেন।
২০২৩–২৪ মৌসুমের শুরু থেকে বক্সের বাইরে থেকে ১০ গোল করেছেন তিনি—যা ইংলিশ ক্লাবগুলোর খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে নিজের ২০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন ২৪ বছর বয়সী এই তারকা।

অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ১৪ ম্যাচে হালান্ডের গোল এখন ১৮, যার কোনোটিই পেনাল্টি থেকে নয়।

এমবি/এসআর