চ্যাম্পিয়নস লিগ: ৩-৩ গোলে শেষ বার্সা-ব্রুগার রোমাঞ্চকর লড়াই

Nov 6, 2025 - 11:09
 0  2
চ্যাম্পিয়নস লিগ: ৩-৩ গোলে শেষ বার্সা-ব্রুগার রোমাঞ্চকর লড়াই

মেঘনাবার্তা স্পোর্টস:
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ক্লাব ব্রুগার মাঠে দেখা গেল এক রোমাঞ্চকর ম্যাচ। তিনবার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-৩ ব্যবধানে ড্র করে বার্সেলোনা। লামিনে ইয়ামাল উপহার দেন ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় গোল।

ম্যাচের মাত্র ছয় মিনিটে জ্যান ব্রেইডেল স্টেডিয়ামে সবাইকে চমকে দিয়ে এগিয়ে দেন ক্লাব ব্রুগাকে। বার্সার অফসাইড লাইন ভেদ করে কার্লোস ফোর্বস বল পাস করেন নিকোলো ত্রেসোলদিকে, আর জার্মান স্ট্রাইকার সহজ গোল করে দলকে এগিয়ে দেন।

কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে তোরেসের নিখুঁত ফিনিশে সমতায় ফেরে বার্সা। ১৭ মিনিটে আবারও কাউন্টার অ্যাটাক থেকে ফোর্বস নিজেই গোল করে স্কোরলাইন ২-১ করেন। প্রথমার্ধে কুন্দে ও গার্সিয়ার শট পোস্টে লেগে বার্সার ভাগ্য সহায় না হলেও উত্তেজনা থামেনি।

দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে বার্সা। ৬১ মিনিটে ইয়ামালের দুর্দান্ত দৌড় এবং ফেরমিন লোপেজের ব্যাক-হিল পাস থেকে গোল করে সমতায় ফেরে অতিথিরা। দুই মিনিট পর আবারও ফোর্বস ব্রুগাকে এগিয়ে নেন।

৭৭ মিনিটে ইয়ামালের ক্রস থেকে ব্রুগা ডিফেন্ডার ক্রিস্টোস জোলিসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। শেষ মুহূর্তে রোমিও ভার্মান্টের গোল ভিএআর সিদ্ধান্তে বাতিল হয়।

শেষ পর্যন্ত ৩-৩ গোলে শেষ হয় দমফাটানো লড়াই। ১১তম স্থানে থাকা বার্সেলোনার জন্য এটি হতাশাজনক হলেও ২২তম স্থানে থাকা ব্রুগার জন্য ফল স্বস্তিদায়ক।

এই ম্যাচে নতুন রেকর্ড গড়েন ২১ বছর ২৩১ দিনের কার্লোস ফোর্বস। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে তিনি ডেভিড বেকহামের ১৯৯৮ সালের রেকর্ড ভেঙেছেন।

এমবি/এসআর