১৬ ছক্কার ঝড়ে ৩২ বলে সেঞ্চুরি, রেকর্ডবই কাঁপালেন অভিষেক শর্মা
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অবশেষে নিজের ব্যাটে সত্যিকারের ঝড় তুললেন পাঞ্জাব অধিনায়ক অভিষেক শর্মা। হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে অভিজ্ঞ বেঙ্গল বোলারদের ওপর চালালেন তাণ্ডব, খেললেন বহু রেকর্ড ভাঙা এক সেঞ্চুরি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অবশেষে নিজের ব্যাটে সত্যিকারের ঝড় তুললেন পাঞ্জাব অধিনায়ক অভিষেক শর্মা। হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে অভিজ্ঞ বেঙ্গল বোলারদের ওপর চালালেন তাণ্ডব, খেললেন বহু রেকর্ড ভাঙা এক সেঞ্চুরি।
টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিস্ফোরক শুরু করেন অভিষেক। মাত্র ১২ বলে হাফ-সেঞ্চুরি, যা তাকে টি-টোয়েন্টি ইতিহাসের যৌথ তৃতীয় দ্রুততম অর্ধশতক-লিস্টে জায়গা দেয়। মোহাম্মদ শামির এক ওভার থেকে ২৩ রান তোলার পর তার আগ্রাসন আরও ভয়ংকর হয়ে ওঠে—হাফ-সেঞ্চুরির সময় ৫টি ছক্কা ও ৫টি চার মিলে তার ৫১ রানের মধ্যে ৫০-ই ছিল বাউন্ডারি থেকে।
প্রভসিমরন সিংকে সঙ্গে নিয়ে অভিষেক মাত্র ৮ ওভারে ১২০ রানের ঝড়ো ওপেনিং জুটি গড়েন। এরপর আগ্রাসন বজায় রেখে মাত্র ৩২ বলে শতক পূর্ণ করেন তিনি। তার ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ৭টি চার।
এই সেঞ্চুরির মাধ্যমে টি-টোয়েন্টিতে অষ্টম শতক পূর্ণ করলেন অভিষেক, ছুঁয়ে ফেললেন রোহিত শর্মাকে; ভারতীয়দের মধ্যে তার ওপরে আছেন কেবল বিরাট কোহলি (৯ সেঞ্চুরি)।
এর আগে গত বছর তিনি ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন, যা ভারতীয়দের দ্রুততম টি-টোয়েন্টি শতক। এবার ৩২ বলে শতক হাঁকিয়ে তিনি উঠে গেলেন সেই এলিট তালিকায় যেখানে ৩৩ বলের কম সময়ে দুটি টি-টোয়েন্টি সেঞ্চুরি রয়েছে শুধুই তার ও উর্বিল প্যাটেলের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ৪৮ বলে ১৪৪ রানে অপরাজিত ছিলেন।
এদিনের ১৬ ছক্কা ভেঙে দেয় তার নিজের ক্যালেন্ডার বছরের রেকর্ডও। গত বছর ৮৭ ছক্কার পর এবার ৯১ ছক্কা ছুঁয়ে এক বছরে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক টি-টোয়েন্টি ছক্কার নতুন রেকর্ড গড়লেন অভিষেক শর্মা।
এমবি এইচআর

