ফেব্রুয়ারিতেই নির্বাচন ও গণভোটের ঘোষণা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণটি সরাসরি সম্প্রচার করেছে বিটিভি, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড।

Nov 13, 2025 - 18:41
 0  2
ফেব্রুয়ারিতেই নির্বাচন ও গণভোটের ঘোষণা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণটি সরাসরি সম্প্রচার করেছে বিটিভি, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড।

প্রধান উপদেষ্টা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার তার মেয়াদের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে। সরকারের প্রধান দায়িত্ব ছিল হত্যাকাণ্ডের বিচার, গণতান্ত্রিক সংস্কারের বাস্তবায়ন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এখন চূড়ান্ত পর্যায়ে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শিগগিরই প্রথম রায় দেবে।

তিনি আরও জানান, ইতিহাসে প্রথমবারের মতো গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে বিচার বিভাগ, প্রশাসন, আর্থিক খাত ও দুর্নীতি দমন কাঠামোতে ব্যাপক সংস্কার করা হয়েছে।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এটি হবে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন।

রাষ্ট্রকাঠামো সংস্কারের বিষয়ে তিনি জানান, ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে, যেখানে সংবিধান সংশোধনের ৩০টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন দেওয়া হয়েছে।

ভাষণে তিনি ঘোষণা দেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় এলে সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে এবং ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন হবে।

প্রধান উপদেষ্টা অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, গত ১৫ মাসে দেশ অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে পেয়েছে, ব্যাংকিং খাতের আস্থা পুনরুদ্ধার হয়েছে, আর বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ১৯ শতাংশের বেশি। তিনি জানান, শিগগিরই ইউরোপীয় প্রতিষ্ঠান মায়ার্স্ক গ্রুপের সঙ্গে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পে ৫৫০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে ইউরোপের সর্বোচ্চ বিনিয়োগ হবে।

ভাষণের শেষাংশে ড. ইউনূস বলেন,
“জুলাইয়ের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব।”

এমবি এইচআর