তফসিল ঘোষণার আগে নির্বাচন ভবনে কঠোর নিরাপত্তা জোরদার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা লক্ষ্য করা যায়।
সরেজমিন দেখা গেছে, নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। ভবনের সামনে লোহার ব্যারিকেড বসিয়ে ঘিরে রাখা হয়েছে পুরো এলাকা। প্রধান সড়ক থেকেই নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি অব্যাহত রয়েছে। পরিচয়পত্র যাচাই ছাড়া কাউকে ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সংক্রান্ত সিইসির ভাষণের রেকর্ডিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন।
এর আগে দুপুরে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করেন সিইসির নেতৃত্বাধীন কমিশন।
এদিকে সংসদীয় আসনের সীমানা গেজেটকে কেন্দ্র করে আইনি জটিলতা দেখা দিয়েছে। আপিল বিভাগ গতকাল বাগেরহাটের একটি আসন কমানোর গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখায় নতুন করে সীমানার গেজেট প্রকাশ ছাড়া ৩০০ আসনের তফসিল ঘোষণা করা সম্ভব নয়। সেক্ষেত্রে বাগেরহাট ও গাজীপুরের আসন বাদ দিয়ে ২৯১টি আসনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা তৈরি হয়েছিল।
তবে ইসি সূত্র জানায়, আদালতের রায় মেনে নিয়ে আজ তফসিল ঘোষণার আগেই দ্রুত নতুন গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। রিভিউতে না গিয়ে কমিশন চায় নির্ধারিত সময়েই সব প্রক্রিয়া সম্পন্ন করতে।
এমবি এইচআর

