এনসিপির সমন্বয় সভায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

Oct 25, 2025 - 10:22
 0  2
এনসিপির সমন্বয় সভায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

মেঘনাবার্তা প্রতিনিধি: রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভাকে ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও জেলা পর্যায়ের সভা চলছিল। হঠাৎ নিচতলায় মোহাম্মদপুর থানা ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে মুহূর্তেই সভাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।

জানা গেছে, তিন মাস আগে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, মোহাম্মদপুর থানা এনসিপির নেতা রিয়ান বংশাল থানা শাখার কয়েকজন নেতার কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছিলেন এবং পরে ফেরত দেননি। শুক্রবার কনভেনশন হলে রিয়ানকে দেখে বংশালের কর্মীরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বংশাল থানা এনসিপির কর্মী সৌরভ জানান, “রিয়ানের কাছে টাকা ফেরত চাইতেই সে ক্ষিপ্ত হয়ে ওঠে। তার ভাই ইউসুফ আমাদের এক কর্মীকে আঘাত করলে মাথা ফেটে যায়।”

অন্যদিকে মোহাম্মদপুর থানা এনসিপির নেতাদের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ “ভিত্তিহীন”। তারা বলেন, “বংশালের কয়েকজন আগে থেকেই আমাদের উসকানি দিচ্ছিল। আজকে তারা হামলা করায় সংঘর্ষ বাধে।”

প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ চললেও কোনো কেন্দ্রীয় নেতাকে ঘটনাস্থলে দেখা যায়নি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমবি/এসআর