প্রথমবারের মতো ইউরোপিয়ান 'গোল্ডেন শু' জিতলেন কিলিয়ান এমবাপ্পে
মেঘনাবার্তা প্রতিনিধি: ইউরোপিয়ান ফুটবলের সেরা গোলদাতার স্বীকৃতি হাতে নিয়ে উচ্ছ্বসিত কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় এবার প্রথমবারের মতো জিতেছেন মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কার। পুরস্কার হাতে নিয়ে সোনার বুটে চুমো এঁকে এমবাপ্পে বলেন, “এটাই শুরু, আমি আরও জিততে চাই।”
গতকাল শুক্রবার সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, কোচ জাবি আলোনসো ও দলের অন্যান্য খেলোয়াড় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমবাপ্পে জানান, রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলতে এবং আরও বেশি ট্রফি জিততে চান তিনি।
২০২৪–২৫ মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমেই ৩১ গোল করে ৬২ পয়েন্ট অর্জন করে সবার শীর্ষে ওঠেন এমবাপ্পে। দ্বিতীয় স্থানে ছিলেন স্পোর্টিং সিপির ভিক্টর গয়োকেরেস (৫৮.৫ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে লিভারপুলের মোহাম্মদ সালাহ (৫৮ পয়েন্ট)।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে এমবাপ্পে তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন। তার আগে ২০১৪–১৫ মৌসুমে ক্রিস্তিয়ানো রোনালদো জিতেছিলেন এই স্বীকৃতি, যিনি ক্যারিয়ারে মোট চারবার গোল্ডেন শু পেয়েছেন। সর্বাধিক ছয়বার এই পুরস্কার জিতেছেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি।
এমবি/এসআর

